insta logo
Loading ...
×

ঝালদায় বিজেপির পরিবর্তন যাত্রা , পরিবর্তনের ডাক দিলীপ ঘোষের

ঝালদায় বিজেপির পরিবর্তন যাত্রা , পরিবর্তনের ডাক দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

রাজ্যে বিজেপির ঘোষিত ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার পুরুলিয়ার ঝালদা শহরে পৌঁছায় পরিবর্তন যাত্রার রথ। রথকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শহর পরিক্রমা শেষে ঝালদা হাটতলা ময়দানে অনুষ্ঠিত হয় পরিবর্তন সভা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সহ দলের একাধিক নেতা ও কর্মী।

সভা মঞ্চ থেকে দিলীপ ঘোষ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন এবং রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে উন্নয়ন, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে পরিবর্তন জরুরি। বর্তমান সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই সাধারণ মানুষকে বিজেপির পরিবর্তন যাত্রায় সামিল হয়ে রাজ্যে প্রকৃত পরিবর্তন আনার জন্য এগিয়ে আসতে হবে”।
তিনি আরও দাবি করেন, “এই পরিবর্তন যাত্রার মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষের কাছে বিজেপির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে সেই অনুযায়ী ভবিষ্যতের পরিকল্পনা নেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলেও জানান তিনি”।

এদিনের সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাত সহ জেলার একাধিক নেতৃত্ব ও কর্মীরা। সভাকে কেন্দ্র করে ঝালদা হাটতলা ময়দানে ছিলো কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য ভিড়।

এর আগে বোঙ্গাবাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে রথটি পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় পৌঁছায়। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা ও কর্মী সমাবেশের পর পুরুলিয়া শহর থেকে জয়পুর হয়ে এই যাত্রা ঝালদায় পৌঁছায়। সেখান থেকে বলরামপুর।
পুরো পথজুড়েই বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। কোথাও পথসভা, কোথাও কর্মীদের সঙ্গে বৈঠক—এই সবকিছুর মাধ্যমেই ছিলো সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা।

Post Comment