insta logo
Loading ...
×

আবার ৩৫ ছুঁলো পারদ, পুরুলিয়ায় রাতেও বাড়ছে উষ্ণতার দাপট

আবার ৩৫ ছুঁলো পারদ, পুরুলিয়ায় রাতেও বাড়ছে উষ্ণতার দাপট

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

একদিনের বিরতির পর ফের ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছল তাপমাত্রা। ৬ মার্চ পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও উল্লেখযোগ্য ভাবে বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫ ডিগ্রিতে। বৃষ্টিপাত হয়নি।

দিনের গরম তো ছিলই, এ দিন নজর কাড়ছে রাতের তাপমাত্রার হঠাৎ উল্লম্ফন। কয়েক দিন আগেও যেখানে ভোরের দিকে পারদ ১৩–১৫ ডিগ্রির ঘরে ছিল, সেখানে এখন তা প্রায় ২০ ডিগ্রির কাছাকাছি। ফলে রাতের শীতলতাও অনেকটাই কমে গিয়েছে।

সকাল থেকেই ছিল তীব্র রোদ। দুপুরের দিকে শহর ও আশপাশের এলাকায় গরমের অস্বস্তি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। বাজার, রাস্তাঘাটে মানুষের আনাগোনা তুলনামূলক কম দেখা গেছে দুপুরের সময়।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আকাশ পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা দ্রুত বাড়ছে। একই সঙ্গে বাতাসে সামান্য উষ্ণতার প্রবাহ থাকায় রাতের তাপমাত্রাও বেশি থাকছে।

দোল পার। বসন্তের মোলায়েম আবহাওয়াও এখন আর তেমনভাবে টের পাওয়া যাচ্ছে না। বরং দিনের বেলায় গ্রীষ্মের ঝাঁজই বেশি অনুভূত হচ্ছে। মার্চের শুরুতেই এই তাপমাত্রা ইঙ্গিত দিচ্ছে—এ বার গরমের মরসুম পুরুলিয়ায় একটু আগেভাগেই দরজায় কড়া নাড়ছে।

Post Comment