insta logo
Loading ...
×

ডিএ দয়ার দান নয়, অর্জিত অধিকার! বকেয়া মহার্ঘ ভাতা সহ ৮ দফা দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভে উত্তাল এবিটিএ

ডিএ দয়ার দান নয়, অর্জিত অধিকার! বকেয়া মহার্ঘ ভাতা সহ ৮ দফা দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভে উত্তাল এবিটিএ

শুভদীপ মাহাত, পুরুলিয়া:

বকেয়া মহার্ঘ ভাতা এবং সপ্তম পে কমিশন চালুর দাবি-সহ একাধিক ইস্যুতে ফের পথে নামলেন শিক্ষক ও সরকারি কর্মচারীরা। রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে আগামী ১৩ মার্চ রাজ্যের সমস্ত স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস-আদালতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের প্রচারের ব্যাপক প্রভাব চোখে পড়ে পুরুলিয়াতেও। পুরুলিয়া জেলা শাখার নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ছাতার তলায় এদিন নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পুরুলিয়ার ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

বকেয়া ডিএ-র বিষয়ে সুপ্রিম কোর্টের রায় অবিলম্বে কার্যকর করা, রাজ্যে দ্রুত সপ্তম পে কমিশন কার্যকর , সমস্ত শূন্যপদে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ইত্যাদি দাবি নিয়ে এদিন ডিআই অফিসের সামনে বিক্ষোভে মূলত আটটি জোরালো দাবি তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন এবিটিএ পুরুলিয়া জেলা সম্পাদক ব্যোমকেশ দাস। বকেয়া ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ডিএ কারও দয়ার দান না, ডিএ হচ্ছে সরকারি কর্মচারী, মাস্টারমশাই ও শিক্ষাকর্মীদের অর্জিত অধিকার। হাইকোর্টে তা প্রতিষ্ঠিত হলেও, হাইকোর্টের রায়কে রাজ্য সরকার মেনে নেয়নি।” তাঁর এই মন্তব্যের পর বিক্ষোভস্থলে উপস্থিত শিক্ষক ও কর্মীদের উন্মাদনা আরও বৃদ্ধি পায়। সব মিলিয়ে, নিজেদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নেওয়ার এই লড়াইয়ে এদিন পুরুলিয়ার ডিআই অফিস চত্বর কার্যত স্লোগানে ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

Post Comment