insta logo
Loading ...
×

দু কোটির রাস্তা ফাটছে ঢালাইয়ের পরেই, অভিযোগে উত্তাল বলরামপুর

দু কোটির রাস্তা ফাটছে ঢালাইয়ের পরেই, অভিযোগে উত্তাল বলরামপুর

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

দু কোটির রাস্তায় কয়েকদিনেই দেখা দিচ্ছে ফাটল। পথশ্রী প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে উত্তাল বলরামপুর এলাকার মালতি। এলাকাবাসী বন্ধ করিয়ে দিলেন কাজ।

দীর্ঘদিনের অপেক্ষার পর পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু সেই আশায় জল ঢালল কাজের মান নিয়ে প্রশ্ন। অভিযোগ, ঢালাইয়ের এক-দু’দিনের মধ্যেই রাস্তায় ফাটল ধরছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, এই দাবিতে বুধবার সকালে কাজ বন্ধ করে দেন বলরামপুর ব্লকের বেলা গ্রাম পঞ্চায়েতের মালতি গ্রামের বাসিন্দারা।

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পথশ্রী প্রকল্পের অধীনে মালতি গ্রামের দীপক সিংয়ের বাড়ি থেকে সর্বজোড়া চাতরমা পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার ঢালাই রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল ১ কোটি ৮৬ লক্ষ ২৭ হাজার ৬০৪ টাকা। গ্রামবাসীদের অভিযোগ, এত বড় অঙ্কের প্রকল্প হলেও কাজের গুণগত মান অত্যন্ত খারাপ। পর্যাপ্ত বালি ব্যবহার করা হয়নি বলে দাবি তাঁদের। পাথরের মান ও পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

বুধবার সকালে শতাধিক পুরুষ ও মহিলা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন গ্রামবাসীরাই। তাঁদের সাফ কথা, প্রশাসনের হস্তক্ষেপ ও যথাযথ তদন্ত না হওয়া পর্যন্ত কাজ চলতে দেওয়া হবে না।

গ্রামবাসীদের কথায়, “ঢালাই করার এক-দু’দিনের মধ্যেই রাস্তায় ফাটল দেখা যাচ্ছে। এতদিন পর পাকা রাস্তা পাচ্ছি, কিন্তু এই ভাবে কাজ হলে তা টিকবে না। সঠিক মান বজায় রেখে কাজ করতে হবে। না হলে আমরা মেনে নেব না।”

দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা নিয়ে সমস্যায় ছিলেন এলাকার মানুষ। বর্ষায় কাদা, গর্তে ভরা পথই ছিল নিত্যসঙ্গী। তাই পাকা রাস্তার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছিল। কিন্তু কাজের মান নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ায় সেই স্বস্তি ক্ষোভে বদলে গেছে।

Post Comment