নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
প্রাথমিক শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। আর সেই ভিত্তিকে মজবুত করতেই প্রত্যন্ত গ্রামের প্রাথমিক পড়ুয়াদের পাশে দাঁড়াল শ্রীমদ রাজচন্দ্র মিশন। মানবাজার ১ নং ব্লকের ডাহা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে ৯২ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় শিক্ষা-সামগ্রী ও উপহার। সংগঠনের
পূজ্য গুরুদেব শ্রীরাকেশজীর অনুপ্রেরণায় পরিচালিত এই উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে দু’টি করে খাতা, একটি পেন, চকলেট এবং একটি করে টি-শার্ট প্রদান করা হয়। তবে এটি শুধুমাত্র সামগ্রী বিতরণ নয়, গ্রামীণ শিক্ষার্থীদের মনে শিক্ষার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমদ রাজচন্দ্র লাভ এন্ড কেয়ার-এর প্রতিনিধি জয়েন বাগড়া, সুমিত দেশাই, আদিত্য শাহ, সন্দীপ ভোরা, বিবেক মেহেতা ও নেহা দেশাই। বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ পরামাণিক, অনুপ কুমার চন্দ্র, বিবেকানন্দ হাঁসদা ও সোমনাথ কর্মকার-সহ স্থানীয় বিশিষ্টজনেরা এই উদ্যোগকে সাধুবাদ জানান।
উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পড়ুয়া জবা মাঝি, অমিত মাঝি, সুজয় মাঝি ও আফসানা খাতুন জানায়, এমন উদ্যোগ তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। তাদের হাসিমুখ যেন এই কর্মসূচির প্রকৃত সার্থকতার সাক্ষ্য বহন করছিল।
এ প্রসঙ্গে জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র বলেন, “গ্রামের বহু ছাত্রছাত্রী নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করে। সামান্য সহায়তাও তাদের কাছে বড় প্রেরণা হয়ে ওঠে। পুরুলিয়া জেলা-র প্রায় ৫০০টি বিদ্যালয়ে ইতিমধ্যেই এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। চলতি বছরের মধ্যেই আরও ৫০০টি স্কুলে শিক্ষাসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। শিক্ষার আলো প্রতিটি প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”










Post Comment