নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মার্চের শুরুতেই গরমের আগাম বার্তা স্পষ্ট পুরুলিয়ায়। বসন্তের নরম আবহাওয়াকে প্রায় সরিয়েই শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রাও উঠে দাঁড়িয়েছে ১৮ ডিগ্রিতে। প্রশ্ন উঠছে—মার্চের গোড়াতেই কি ৩৫ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলবে পুরুলিয়া? দোলের দিনে দিনের বেলায় কি হারিয়ে যাবে বসন্তের স্পর্শ?
কৃষি দপ্তরের রিপোর্ট বলছে, ১ মার্চ জেলায় বৃষ্টিপাত হয়নি। আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের তেজ ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর থেকেই রাস্তাঘাটে গরমের অস্বস্তি অনুভব করতে শুরু করেছেন মানুষজন। সন্ধ্যায় সামান্য হাওয়া থাকলেও শীতের আমেজ প্রায় উধাও।
আবহাওয়াবিদদের মতে, শীত দ্রুত বিদায় নেওয়ার পর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা সাধারণত দ্রুত বাড়ে। পুরুলিয়ার ভৌগোলিক অবস্থান—লালমাটির ভূমি, কম আর্দ্রতা এবং খোলা ভূপ্রকৃতি—দিনের তাপমাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। ফলে মার্চের প্রথম সপ্তাহেই গ্রীষ্মের পূর্বাভাস মিলছে।
এ বছর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে প্রশান্ত মহাসাগরীয় আবহাওয়ার প্রভাব। আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশের মতে, এল নিনোর জেরে উষ্ণতার ধারা থাকবে পুরোপুরি। তার জন্যেই ভারত সহ দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অংশে স্বাভাবিকের তুলনায় বেশি গরম পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সেই হিসেব মিললে খুব শিগগিরই পুরুলিয়ার পারদ ৩৫ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফলে দোল উৎসবের রঙে এবার বসন্তের মিঠে আবহাওয়ার বদলে দিনের বেলায় গরমের ছোঁয়াই বেশি অনুভূত হতে পারে বলেই আশঙ্কা আবহাওয়া মহলের। বসন্ত না গ্রীষ্ম—মার্চের শুরুতেই সেই দড়ি টানাটানি শুরু হয়ে গেল পুরুলিয়ায়।




Post Comment