শুভদীপ মাহাতো, পুরুলিয়া:
বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে
জঙ্গলমহলেও আগাম তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই সোমবার সাতসকালে ছত্তিশগড় থেকে বিশেষ ট্রেনে করে পুরুলিয়া রেল স্টেশনে এসে পৌঁছল ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বিপুল সংখ্যক জওয়ানের স্পেশাল ট্রেন ওই স্টেশনে প্রবেশ করতেই সেখানে কড়া নিরাপত্তা ও ব্যাপক প্রশাসনিক তৎপরতা চোখে পড়ে। ওই কেন্দ্রীয় বাহিনী সূত্রেই জানা গিয়েছে, মোট ১০ কোম্পানি বাহিনীর মধ্যে ৩ কোম্পানি পুরুলিয়ায় মোতায়েন থাকবে। এদিন তারা পুরুলিয়াতে নেমে যান। বাকি ৭ কোম্পানি জওয়ান পুরুলিয়া থেকে বাঁকুড়া, কলকাতা ও মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা দেন।
মূলত নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই গোটা রাজ্যের ভোট প্রক্রিয়াকে সুষ্ঠু এবং শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য ফি বছরের মতো এবারও জেলায় জেলায় পৌঁছাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এদিন পুরুলিয়া স্টেশনে ওই কেন্দ্রীয় বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের জন্যই আমরা এসেছি। আপাতত ১০ কোম্পানি বাহিনী পৌঁছেছে। এখান থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আমাদের পাঠানো হবে। আগামী দিনে আরও বাহিনী রাজ্যে আসতে চলেছে।” পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনই ওই ৩ কোম্পানি বাহিনীকে জেলার বিভিন্ন থানায় মোতায়েন করা হবে।










Post Comment