insta logo
Loading ...
×

২ কোটির রাস্তায় পাল্টে যাচ্ছে পুঞ্চার প্রত্যন্ত গ্রাম, উদ্বোধনে এসে বড়ো মন্তব্য সহ সভাধিপতির

২ কোটির রাস্তায় পাল্টে যাচ্ছে পুঞ্চার প্রত্যন্ত গ্রাম, উদ্বোধনে এসে বড়ো মন্তব্য সহ সভাধিপতির

নিজস্ব প্রতিনিধি , পুঞ্চা:

পথশ্রী ৪ প্রকল্পে পুঞ্চা ব্লকে দু’টি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার। প্রথম রাস্তা কুড়ুকতোপা পঞ্চায়েত থেকে শবরপাড়া হয়ে আমকোচা নদী পর্যন্ত—দৈর্ঘ্য ২.২ কিলোমিটার। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭ লক্ষ ৩৮ হাজার টাকা। দ্বিতীয়টি পুঞ্চার লায়াবুড়া দেবস্থান থেকে টাটাড়ি পিচ রাস্তা পর্যন্ত ২.১ কিলোমিটার দীর্ঘ সড়ক, যার নির্মাণব্যয় ১ কোটি ৪ লক্ষ ৩৫ হাজার টাকা।

রাস্তা দু’টির বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ম্যাকিনটোশ বার্ন লিমিটেড। নির্মাণের কাজ করছে মেসার্স মানভূম কনস্ট্রাকশন। সংস্থার দাবি, আগামী চার মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ করা হবে।

লায়াবুড়া রাস্তার সূচনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রকল্প অনুযায়ী রাস্তার প্রস্থ ৮ ফুট হওয়ার কথা থাকলেও তাতে ট্রাক্টর চলাচলে অসুবিধা হবে। সেই কারণে নির্মাণকারী সংস্থাকে রাস্তা ১০ ফুট চওড়া করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রস্থ বাড়ানোয় প্রায় ৩০০ ফুট অংশের কাজ কম হবে বলে জানিয়েছেন তিনি। বাকি অংশের নির্মাণ জেলা পরিষদের তরফেই সম্পন্ন করা হবে। স্থানীয়দের মতে, রাস্তা দু’টি সম্পূর্ণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসবে।

Post Comment