insta logo
Loading ...
×

পুরুলিয়ায় ট্রাফিক ব্যবস্থায় আরও বড় পদক্ষেপ পুলিশের, শীঘ্রই ৪ টি ট্রাফিক গার্ড

পুরুলিয়ায় ট্রাফিক ব্যবস্থায় আরও বড় পদক্ষেপ পুলিশের, শীঘ্রই ৪ টি ট্রাফিক গার্ড

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

সংখ্যাই বলছে ভয়ঙ্কর ছবি। এক বছরে ১৯৬ জন, পরের বছরে ২০৮ জন, পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে পুরুলিয়ায়। বেপরোয়া গতি আর সচেতনতার অভাবই প্রধান কারণ বলে মনে করছে পুলিশ। তাই মৃত্যু কমাতে কড়া পদক্ষেপের পথে জেলা পুলিশ। ২০টি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানোর পাশাপাশি গড়া হচ্ছে চারটি নতুন সাব ট্রাফিক গার্ড।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২৪৮টি দুর্ঘটনায় আহত হন ২৫৪ জন, মারা যান ১৯৬ জন। ২০২৫ সালে দুর্ঘটনা বেড়ে হয় ২৮০টি। আহতের সংখ্যা কমে ২০৫ হলেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০৮-এ। এই বাড়তি মৃত্যুই উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। চারটি সাব ট্রাফিক গার্ড তৈরির প্রস্তাব ইতিমধ্যেই রাজ্যের ট্রাফিক দফতরে পাঠানো হয়েছে। পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানিয়েছেন, অনুমোদন মিললেই কাজ শুরু হবে।

দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে কাজ শুরু করেছে ট্রাফিক বিভাগ। পুলিশের মতে, ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতির কারণেই বেশি দুর্ঘটনা হচ্ছে। সেই কারণে হাতোয়াড়া (পুরুলিয়া মফস্বল), রঘুনাথপুর, বলরামপুর ও ঝালদায় সাব ট্রাফিক গার্ড গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি গার্ডে থাকবেন এক জন সাব-ইন্সপেক্টর, দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, প্রায় ১৫ জন পুলিশকর্মী ও শতাধিক সিভিক ভলান্টিয়ার।

শুধু নজরদারি নয়, সচেতনতাতেও জোর দেওয়া হবে। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচার আরও বাড়ানো হবে। বিশেষ করে হেলমেট পরার গুরুত্ব বোঝানো হবে। দেশজুড়ে বছরে প্রায় ১ লক্ষ ৮০ হাজার মানুষ পথ দুর্ঘটনায় মারা যান। তার মধ্যে প্রায় ৩০ হাজারের মৃত্যু হয় হেলমেট না-পরা অবস্থায়। এই তথ্য তুলে ধরে মানুষকে সচেতন করতে চাইছে পুলিশ।

বর্তমানে পুরুলিয়া মফস্বল থানার পাশে একটি ট্রাফিক গার্ড রয়েছে। নতুন চারটি সাব ট্রাফিক গার্ডও তার অধীনেই কাজ করবে। জেলা পুলিশের লক্ষ্য একটাই, পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমানো।

Post Comment