সুইটি চন্দ্র, পুরুলিয়া:
জনসংযোগে অভিনব কৌশল গ্রহণ করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস। তার আঁচ
পুরুলিয়াতেও। জেলার ছৌ শিল্পী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর, চিকিৎসক, ঝুমুর শিল্পী বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সম্মান জানিয়ে তাঁদের হাতে রাজ্যের ১৫ বছরের উন্নয়নের দলিল তুলে দেওয়ার কাজ চলছে। যা উন্নয়নের পাঁচালি নামে
পরিচিত।
গত সোমবার পর্যন্ত মোট ৭ জন বিশিষ্ট ব্যক্তির হাতে এই উন্নয়নের পাঁচালি তুলে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। তালিকায় রয়েছেন প্রখ্যাত চিকিৎসক গোপালচন্দ্র লায়েক, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ছৌ শিল্পী ভুবন কুমার, ঝুমুর শিল্পী ও লোকসংস্কৃতি গবেষক কিরিটি মাহাতো এবং একাধিক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর।
রবিবার পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু জঙ্গলমহলের পরিচিত চিকিৎসক গোপালচন্দ্র লায়েকের হাতে উন্নয়নের দলিল তুলে দেন। শাল পরিয়ে তাঁকে সংবর্ধনাও জানানো হয়। উন্নয়নের পাঁচালি পেয়ে তিনি রাজ্যের উন্নয়নমূলক কাজের পাশাপাশি মন্ত্রীর ভূমিকাও প্রশংসা করেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ছৌ শিল্পী ভুবন কুমারের হাতে উন্নয়নের দলিল তুলে দেন। রঘুনাথপুরের পুরপ্রধান তরণী বাউরি ‘ পুরুলিয়ার বাবু রাও’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আদিত্য রজককে সম্মাননা জানান। রাজ্য তৃণমূলের সম্পাদক সৌমেন বেলথরিয়া ১ লক্ষ ৩৪ হাজার ফলোয়ার থাকা কনটেন্ট ক্রিয়েটর সুজাতা মাহাতো এবং মানভূঁইয়া ভাষায় ভিডিও তৈরির জন্য পরিচিত সপ্তর্ষি মাহাতোকেও উন্নয়নের পাঁচালি প্রদান করেন। অন্যদিকে, রাজ্য তৃণমূলের সম্পাদক তথা পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কার্য ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো ঝুমুর শিল্পী কিরিটি মাহাতো ও ঝালদা ২ ব্লকের টাটুয়াড়া গ্রাম পঞ্চায়েতের টিমাংদা গ্রামের অধিবাসী নগেন পুনরিআরের হাতে ওই পাঁচালি তুলে দেন। ঝালদা ২ ব্লকের ওই শিল্পী পুরুলিয়া তথা জঙ্গলমহলের লোকগান ও লোকসংস্কৃতি চর্চায় নিজেকে সারাজীবন উৎসর্গ করার কারনে ওই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা পত্র প্রদান করা হয়।
ভোটের ফলাফল ভবিষ্যতের হাতে থাকলেও, রাজনৈতিক মহলের একাংশের মতে জনসংযোগের ক্ষেত্রে এই উদ্যোগের মাধ্যমে বাড়তি সুবিধা পাচ্ছে তৃণমূল কংগ্রেস।









Post Comment