নিজস্ব প্রতিনিধি,বোরো:
পুরুলিয়ার বোরো থানার নূন্যাচাতরা গ্রামে নববধূ গায়ত্রী শবর খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দাম্পত্য অশান্তি ও পারিবারিক গোপন তথ্যকে কেন্দ্র করেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। অভিযুক্ত ডাবলু শবরকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ঘটনার পেছনের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গায়ত্রী শবর ছিলেন অভিযুক্তের চতুর্থ স্ত্রী। বিয়ের পর এই তথ্য সামনে আসার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত অশান্তি চলছিল বলে অভিযোগ। ঘটনার দিন অর্থাৎ বুধবার ওই দম্পতি একটি কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে তাদের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। তদন্তকারীদের দাবি, সেই সময়ই মারধরের ঘটনা ঘটে এবং পরে শ্বাসরোধ করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে অনুমান।ঘটনার পর অভিযুক্ত বাড়ি না ফিরে রঘুনাথপুরে দিদির বাড়িতে আশ্রয় নেয় বলে পুলিশ জানতে পেরেছে। পরদিন সকালে পুলিশি তল্লাশির আশঙ্কায় সে এলাকা ছেড়ে অন্যত্র লুকিয়ে থাকলেও পরে আবার দিদির বাড়িতে ফিরে এলে তাকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
রবিবার ধৃতকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তার দেখানো মতে কাছাকাছি একটি গর্ত থেকে রক্তমাখা গাছের ডাল উদ্ধার হয়েছে। পাশাপাশি ঘটনার দিন তার পরা জামাকাপড়ও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে গ্রামের বাইরে একটি মেঠো পথের ধারে রক্তাক্ত অবস্থায় গায়ত্রী শবরের দেহ উদ্ধার হয়। তাকে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মৃতার ভাই বোরো থানায় খুনের অভিযোগ দায়ের করেন। রাতেই রঘুনাথপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার ধৃতকে পুনরায় পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।











Post Comment