নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসে বসন্ত জাগ্রত দ্বারে। পুরুলিয়ায় শীতের কোনও জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত নেই। বরং দিনে দিনে উষ্ণতার দাপটই স্পষ্ট হচ্ছে। বসন্তের শুকনো হাওয়া বইছে। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, রবিবার (৮ ফেব্রুয়ারি) জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।
রাত ও ভোরের দিকে শীত অনুভূত হলেও সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তার রেশ মিলিয়ে যায়। সকাল বাড়তেই ঝলমলে রোদে গরম অনুভূত হচ্ছে জেলায়। জানুয়ারির প্রথমার্ধে যে কনকনে শীতে কাঁপছিল পুরুলিয়া, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসে তার চিহ্নমাত্র নেই বললেই চলে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কেটে যাওয়ায় রাতের তাপমাত্রা নামলেও দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলার অর্থ, এ মরশুমে শীতের অধ্যায় প্রায় সমাপ্ত। এখন ধীরে ধীরে গ্রীষ্মের দিকেই এগোচ্ছে রুক্ষ পুরুলিয়ার আবহাওয়া।
মার্চ থেকেই পুরুলিয়া জুড়ে বইতে পারে লু। লা নিনার পরের বছরই এল নিনো-র প্রভাবে গ্রীষ্ম এবার হবে জোরদার, তেমনটাই জানাচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল নামে পরিচিত একটি সোশ্যাল মিডিয়ার পেজ।


Post Comment