insta logo
Loading ...
×

ভোট বালাই, বন্ধ থাকা আসানসোল–বোকারো মেমু পুনরায় চালু করে উল্লসিত সাংসদ

ভোট বালাই, বন্ধ থাকা আসানসোল–বোকারো মেমু পুনরায় চালু করে উল্লসিত সাংসদ

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হল আসানসোল–বোকারো ভায়া–পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেন। রবিবার আনুষ্ঠানিকভাবে এই ট্রেন পরিষেবার সূচনা করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উদ্বোধনের অংশ হিসেবে তিনি নিজেই ওই ট্রেনে সফর করে আসানসোল থেকে পুরুলিয়া পর্যন্ত যাত্রা করেন।

রবিবার পুরুলিয়া রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রেল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, “করোনা পরিস্থিতির কারণে বহু গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা বন্ধ হয়ে পড়েছিল, যার ফলে সাধারণ মানুষ বিশেষ করে কর্মজীবী ও নিত্যযাত্রীদের ভোগান্তি বেড়েছিল। এই মেমু প্যাসেঞ্জার ট্রেন পুনরায় চালু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।”

অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি রাজ্য ও কেন্দ্রের সম্পর্ক নিয়ে রাজনৈতিক মন্তব্যও করেন। সাংসদের দাবি, “কেন্দ্রীয় সরকার রেলের একাধিক উন্নয়ন প্রকল্প ঘোষণা করলেও পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতার অভাবে অনেক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাধার মুখে পড়ছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন বলরামপুর থেকে বাঘমুন্ডি রাস্তায় প্রস্তাবিত রোড ওভারব্রিজ এবং সুইসা ও তোড়াং রেল স্টেশনে দুটি ওভারব্রিজ নির্মাণ প্রকল্পের কথা। তার অভিযোগ, রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ায় ওই কাজগুলি দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “রাজনৈতিক কারণেই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে বিলম্ব ঘটাচ্ছে। “

সাংসদ বলেন, “ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ায় দৈনন্দিন যাতায়াতের সুবিধা বাড়বে এবং জেলার সঙ্গে পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। বিশেষ করে ছাত্রছাত্রী, চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে এই ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

Post Comment