নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে অপেক্ষায় থাকা প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা এবার সরাসরি আন্দোলনের পথে নামলেন। দেশের শীর্ষ আদালতের নির্দেশিকা কার্যকর না হওয়ার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ এন.আই.ও.এস ডি.এল.এড প্রশিক্ষিত প্রার্থীরা পুরুলিয়া শহরে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ করেন। বৃহস্পতিবার ব্যানার ও পোস্টার হাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে তারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে জমায়েত হন এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে, যার ফলে বহু প্রশিক্ষিত প্রার্থী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিকে আদালত অবমাননা বলে দাবি করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিও তোলেন তারা।
আন্দোলনকারীদের বক্তব্য, যোগ্যতা ও প্রশিক্ষণ সম্পূর্ণ করার পরেও চাকরি না পাওয়ায় তারা চরম হতাশার মুখে পড়েছেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত চাকরিপ্রার্থী বিকাশ চন্দ্র মাহাতো বলেন,
“আমরা আদালতের নির্দেশ মেনে ন্যায্য নিয়োগ চাই। দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমাদের দাবি না মানা হলে রাজ্যজুড়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে।”










Post Comment