insta logo
Loading ...
×

বাঘমুন্ডিতে ফের মাদকচাষ, আবগারি – পুলিশের যৌথ হানা

বাঘমুন্ডিতে ফের মাদকচাষ, আবগারি – পুলিশের যৌথ হানা

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :

ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পুরুলিয়ার বাঘমুন্ডিতে ফের মাদকচাষের ছায়া। পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নেমে প্রায় ৬ বিঘা জমিতে বেআইনিভাবে চাষ করা পোস্ত চারা নষ্ট করল আবগারি দফতর। বুধবার বাঘমুন্ডি থানার রাঙামাটি গ্রামে এই অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, গ্রামের অদূরে ঝোপঝাড়ে ঘেরা বিস্তীর্ণ জমিতে নিষিদ্ধ মাদক আফিম তৈরির উদ্দেশ্যে গোপনে পোস্ত চাষ করা হচ্ছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে বুধবার দুপুরে সুইসা ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান আবগারি দফতরের ঝালদা চক্রের কর্মীরা।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা ওই অভিযানে লাঠি দিয়ে ভেঙে প্রতিটি পোস্ত চারা নষ্ট করে দেওয়া হয়। জমি চিহ্নিত করে চাষ সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে আবগারি দফতর। যদিও অভিযানের সময় জমির মালিক বা চাষের সঙ্গে যুক্ত কাউকে হাতে নাতে ধরা যায়নি।

পুলিশ জানিয়েছে, কারা এই বেআইনি পোস্ত চাষের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মাদকচাষ রুখতে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Post Comment