insta logo
Loading ...
×

সুষ্ঠুভাবে শুরু মাধ্যমিক, নিরাপত্তার চাদরে পরীক্ষা কেন্দ্রগুলি

সুষ্ঠুভাবে শুরু মাধ্যমিক, নিরাপত্তার চাদরে পরীক্ষা কেন্দ্রগুলি

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

কড়া নিরাপত্তার মধ্য দিয়েই সুষ্ঠুভাবে শুরু হলো ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। সোমবার সকাল থেকেই পুরুলিয়া জেলার সমস্ত পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় চোখে পড়ে। নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয় এবং প্রথম দিনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে নেওয়া হচ্ছে পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জেলা শিক্ষা দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন হয়। এবছর পুরুলিয়া জেলায় মোট পরীক্ষার্থী ৪৪ হাজার ২৪৫ জন । এর মধ্যে ছাত্রী রয়েছে ২০ হাজার ৫৬০ এবং ছাত্র ২৩ হাজার ৬৮৫ । জেলায় ১০৪ টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে । সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পুলিশের উপস্থিতি নজর কাড়ে। ঝালদায় প্রতিভা দত্ত নামের এক পরীক্ষার্থী বলে,“প্রথম বড় পরীক্ষা বলে একটু নার্ভাস লাগছে ঠিকই, কিন্তু প্রস্তুতি ভালো হয়েছে। সুষ্ঠুভাবেই পরীক্ষা শুরু হয়েছে, পুলিশও পাশে আছে।”
এদিকে গোটা পুরুলিয়া জেলা জুড়েই পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে মানবিক উদ্যোগও নজর কেড়েছে। সমস্ত পরীক্ষা গ্রহণ কেন্দ্রের প্রবেশপথে পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানানো হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের জরুরি প্রয়োজনে সহায়তার জন্য রাখা হয়েছে ইমার্জেন্সি মোটরসাইকেল ব্যবস্থা। কোটশিলা থানার পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ সহযোগিতামূলক পদক্ষেপ।
আরেক পরীক্ষার্থী সোমনাথ গরাই বলেছে, “প্রথম বড় পরীক্ষা বলে একটু চাপ তো আছেই, কিন্তু কেন্দ্রের ব্যবস্থাপনা ভালো। নিরাপত্তাও রয়েছে, তাই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে এসেছি।”

হাতি উপদ্রুত এলাকায় ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছানোর এবং নিয়ে আসার জন্য বন দপ্তরের পক্ষ থেকে যানবাহনের ব্যবস্থা করা হয়েছে ।
বন দফতর সূত্রে জানা গেছে কোটশিলা বনাঞ্চলের গজরাইডি মৌজায় ১
টি, মাঠা বনাঞ্চলের চড়কপাথর মৌজায়
১ টি ও অযোধ্যা রেঞ্জ-এর গোবরিয়া মৌজায় ১২ টি হাতি ঘোরাফেরা করছে।

সব মিলিয়ে প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের সমন্বিত ব্যবস্থাপনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হলো ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন।

Post Comment