insta logo
Loading ...
×

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, পুরুলিয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, পুরুলিয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পরীক্ষার হলে ঢোকার আগে পরীক্ষার্থীদের মনে যাতে চাপ নয়, ভরসা থাকে, সেই লক্ষ্যেই পুরুলিয়া জেলায় মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শিক্ষা দপ্তর, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সমস্ত বিভাগ একযোগে কাজ করছে।
রবিবার পুরুলিয়া নেতাজী বিদ্যাপীঠে এক সাংবাদিক সম্মেলনে এই বার্তাই তুলে ধরলেন ২০২৬- মাধ্যমিক পরীক্ষার জেলা আহ্বায়ক ড: সোমনাথ কুইরি। তিনি জানান, “কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে থাকবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, নজরদারি টিম এবং কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বিক পরিস্থিতির উপর নজর।”
চলতি বছর পুরুলিয়া জেলায় মাধ্যমিক পরীক্ষায় বসছে মোট ৪৪ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ২০ হাজার ৫৬০ জন এবং ছাত্র ২৩ হাজার ৬৮৫ জন। জেলাজুড়ে মোট ১০৪টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে পরীক্ষা পরিচালিত হবে।

পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছানো, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষা শেষে উত্তরপত্র সুষ্ঠুভাবে সংগ্রহ—সব ক্ষেত্রেই নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করবে প্রশাসন। মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপে পা রাখতে চলেছে হাজার হাজার পড়ুয়া। আর সেই পরীক্ষাকে ঘিরে পুরুলিয়া জেলাজুড়ে প্রশাসনের বার্তা স্পষ্ট—স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ পরীক্ষা।

Post Comment