নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
এক বধূকে খুনের অভিযোগ উঠেছিল স্বামী সহ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সেই ঘটনায় মৃত বধূর বাবার অভিযোগের ভিত্তিতে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল বাঘমুন্ডি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম কৃষ্ণ কুমার ও অমলা কুমার। তাদের বাড়ি বাঘমুন্ডি থানার তোড়াং গ্রামের ভেলাইডি টোলায়। শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে কৃষ্ণ কুমারের ২ দিন ও অমলা কুমারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
শুক্রবার বাঘমুন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই থানা এলাকার লালডি গ্রামের মৃত বধূর বাবা তরণীসেন কুমার। অভিযোগে তিনি পুলিশকে জানিয়েছেন ৫ বছর পূর্বে তার মেয়ে দীপালি কুমারের বিয়ে হয় কৃষ্ণ কুমারের সঙ্গে। তবে বিয়ের পর থেকেই স্বামী,শাশুড়ি ও দেওর ওই বধূর উপর অত্যাচার চালাতো। বৃহস্পতিবার মেয়ের শরীর খারাপের খবর পেয়ে তার শ্বশুর বাড়ি পৌঁছান তিনি। সেখানে এসে দেখেন মেয়ের মৃতদেহ ঢাকা দেওয়া অবস্থায় রয়েছে। তারপরেই ওই বধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।









Post Comment