insta logo
Loading ...
×

মূল থেকে ফের তৃণমূলে পিতাপুত্র, উত্তাল পুরুলিয়ার রাজনীতি

মূল থেকে ফের তৃণমূলে পিতাপুত্র, উত্তাল পুরুলিয়ার রাজনীতি

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

একসময় পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান ও উপ পুরপ্রধানের দায়িত্ব সামলানো সামিম দাদ খান পুত্র সহ আবার ফিরলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে মন্ত্রী মানস ভুঁইয়ার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন সামিম দাদ খান, তার পুত্র প্রাক্তন কাউন্সিলার সোহেল দাদ খান ও পরিবারের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, গত পৌরসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে পুত্রসহ কংগ্রেসে যোগ দিয়েছিলেন সামিম দাদ। বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে আরও মজবুত করতে তাঁকে ফের তৃণমূলে ফিরিয়ে আনা হয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।

তবে এই যোগদান ঘিরে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে প্রবল মতানৈক্য। দলের একাংশের দাবি, পুরনো মান-অভিমান ভুলে সংগঠনকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য। আবার অন্য একাংশ এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।
মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। পুরুলিয়ায় তৃণমূল আগেও ছিল, আগামীতেও থাকবে।”
প্রাক্তন কাউন্সিলার ফয়জল কামাল আশরাফ জানান,“যাঁরা দল ছেড়ে গিয়েছিলেন, তাঁদের এভাবে ফিরিয়ে আনা নিয়ে অনেক কর্মী-সমর্থকের মনে ক্ষোভ আছে। সেই বিষয়গুলো দলের নেতৃত্বকে ভাবতে হবে।”
যোগদানকারী পুরুলিয়ার প্রাক্তন পুরপ্রধান বলেন, “কিছু ভুল বোঝাবুঝি আর অভিমান থেকেই আমি দল ছেড়েছিলাম। আজ সব ভুলে আবার তৃণমূলের সঙ্গে যুক্ত হলাম। দলের নির্দেশ মেনেই মানুষের জন্য কাজ করাই এখন আমার একমাত্র লক্ষ্য।”
যদিও দলের অন্দরের এই মতবিরোধ প্রসঙ্গে প্রকাশ্যে তেমন কোনও মন্তব্য করেননি জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেন কিংবা মন্ত্রী মানস ভুঁইয়া। তবে বিধানসভা নির্বাচনের আগে এই প্রত্যাবর্তন যে পুরুলিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল তা বলাই বাহুল্য।

Post Comment