নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
কেন্দ্রের একাধিক উন্নয়ন প্রকল্প ঝুলে থাকায় ঝালদা মহকুমা জুড়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ । বিশেষ করে রেল সংক্রান্ত উন্নয়ন ও যাতায়াতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে শুক্রবার ঝালদা মহকুমা দপ্তরের সামনে প্রতিবাদ ধর্ণায় বসে বিজেপি।
ধর্ণা মঞ্চ থেকে ঝালদা এলাকার অসম্পূর্ণ পুস্তি ওভার ফুট ব্রিজের প্রসঙ্গ তুলে ধরা হয়। স্থানীয়দের দাবি, ব্রিজটি তৈরি হলে প্রতিদিন স্কুলে যাতায়াত করা পড়ুয়া সহ প্রায় ২১–২২টি গ্রামের মানুষ নিরাপদভাবে রেললাইন পারাপার করতে পারতেন। অথচ দীর্ঘ সময় কেটে গেলেও কাজ শুরু না হওয়ায় হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
এছাড়াও ঝালদা সহ পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় রেলের একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব পড়ছে বলেও দাবি করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের মতে, এইসব প্রকল্প দ্রুত বাস্তবায়িত না হলে জেলার সার্বিক উন্নয়ন আরও পিছিয়ে পড়বে।
এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাত। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের বরাদ্দ থাকা সত্ত্বেও রাজ্যের প্রশাসনিক গড়িমসির কারণে বহু গুরুত্বপূর্ণ প্রকল্প আটকে রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের মতো সামাজিক প্রকল্প রাজ্যে কার্যকর না হওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।
ঝালদার পুস্তি ওভার ফুট ব্রিজের জন্য কেন্দ্র টাকা দিয়েছে। অথচ রাজ্যের গাফিলতিতে আজও কাজ শুরু হয়নি। এই ব্রিজ হলে স্কুলের ছেলেমেয়ে থেকে শুরু করে ২১–২২টা গ্রামের মানুষ উপকৃত হতো। শুধু তাই নয়, কেন্দ্রীয় উন্নয়নমূলক প্রকল্পগুলোর ফাইল আটকে রেখে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে উন্নয়ন থামিয়ে রাখছে।”










Post Comment