insta logo
Loading ...
×

দূষণ থামবে ত্রিপাক্ষিক বৈঠকে? আড়শায় উত্তেজনা চরমে

দূষণ থামবে ত্রিপাক্ষিক বৈঠকে? আড়শায় উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

কারখানা বন্ধের নির্দেশ এসেছে। গেটেজ ঝুলেছিল তালা। কিন্তু কিছুতেই থামেনি কালো ছাইয়ের দাপট। আবার চিমনি জ্বালাতেই দূষণে ঢেকে যাচ্ছে গ্রাম। সেই অভিযোগে বুধবার আড়শার কৌরাংয়ে স্পঞ্জ কারখানার গেটের সামনে টানা পাঁচ ঘণ্টা অবস্থান-বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।

‘পুয়াড়া অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটি’-র ডাকে এবং ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সহযোগিতায় বিজয় স্পঞ্জ অ্যান্ড ইস্পাত প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন কৌরাং-সহ আশপাশের গ্রামের প্রায় ৫০০ জন মহিলা-পুরুষ। দূষণে ক্ষতিগ্রস্ত ধান, সবজি হাতে নিয়ে প্রতিবাদ জানান তাঁরা। বিক্ষোভ শেষে কারখানা কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। তাতে স্পষ্ট জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে।

স্থানীয়দের অভিযোগ, ব্লক প্রশাসন আগে কারখানা সাময়িক বন্ধ করলেও ফের চালু হতেই এলাকায় দূষণ বেড়েছে। সর্বত্র কালো ছাইয়ের গুঁড়ো—পুকুর, মাটি, ধানখেত ও গাছপালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ফলনে দাগ পড়ায় কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। শিশু থেকে বৃদ্ধ, সকলের মধ্যেই নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির রাজ্য কমিটির সহ-সম্পাদক স্বদেশপ্রিয় মাহাতো ও দূষণ বিরোধী কমিটির নেতৃত্বে থাকা দিবাকর তাবেদার এবং দীপক পরামানিকের বক্তব্য, “বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে গেটে অবরোধ করেছি। কারখানা মালিক একদিন সময় নিয়েছেন। শনিবার ত্রিপাক্ষিক বৈঠকে আমাদের দাবি স্পষ্টভাবে তুলে ধরা হবে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাব।”

আড়শা ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার সমস্যার সমাধানে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। গ্রামবাসীদের নজর এখন সেই বৈঠকের দিকেই।

Post Comment