নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জানুয়ারির শেষ দিকে এসে পুরুলিয়ায় শীত কার্যত অতীত। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বুধবার (২৮ জানুয়ারি) জেলায় কোনও বৃষ্টিপাত হয়নি। এ দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস।
ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই উষ্ণতা বাড়ছে। দুপুরের রোদে শীতের উপস্থিতি টেরই পাওয়া যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার দাপট কমে যাওয়াতেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী।
স্থানীয়দের কথায়, ‘মাঘ পড়তেই শীতের দাপট কমে গেল।’ সরস্বতী পুজো পার হতেই পুরুলিয়ার চিরাচরিত প্রবাদ—‘বাসি ভাত খেয়ে শীত পালায়’—এ বছর যেন আরও বাস্তব হয়ে উঠল।


Post Comment