নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও, তার বাস্তব রূপ যে কতটা কষ্টকর হয়ে উঠতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখাল পুরুলিয়া ১ নম্বর ব্লকের শুনানি। বুধবার ভোর থেকেই শতাধিক সাধারণ ভোটার হাজির হন নির্ধারিত কেন্দ্রে। কিন্তু দীর্ঘ অপেক্ষা, অব্যবস্থা এবং ন্যূনতম পরিকাঠামোর অভাবে চরম ভোগান্তির মুখে পড়েন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকলেও বেলা ১১টার পর শুনানি শুরু হয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বহু বয়স্ক মানুষ। অথচ প্রবীণ, শারীরিক প্রতিবন্ধী কিংবা মহিলাদের জন্য আলাদা কোনও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ।
শুনানি কেন্দ্রে উপস্থিত বিপুল সংখ্যক মানুষের জন্য শৌচালয় কিংবা বিশ্রামের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা ভোটারদের পক্ষে এই দীর্ঘ অপেক্ষা কার্যত অসহনীয় হয়ে দাঁড়ায়।
এই অবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌরব সিং সহ দলের একাধিক নেতা। তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং জল ও শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি, এমন গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের ন্যূনতম সুবিধা নিশ্চিত না হওয়ায় কমিশনের প্রস্তুতি নিয়েও প্রশ্ন ওঠে।
ভোটার শেখ জুবের আলি জানান, “ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কখন শুনানি শুরু হবে কেউ ঠিক করে বলতে পারেনি। বয়স্ক মানুষ, মহিলা—সবার জন্য একই লাইন। শৌচালয় বা পানীয় জলেরও কোনও ব্যবস্থা ছিল না।”
জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং বলেন, “এটা কোনও রাজনৈতিক বিষয় নয়, এটা সাধারণ মানুষের সম্মানের প্রশ্ন। নির্বাচন কমিশনের উচিত ছিল ন্যূনতম মানবিক পরিকাঠামোর ব্যবস্থা করা। এখানে মানুষের চরম ভোগান্তি হয়েছে, আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি।”
পুরো ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে।











Post Comment