নিজস্ব প্রতিনিধি, বরাবাজার;
বরাবাজার থানার পুলিশের টানা অভিযানে চার চাকা গাড়ি চুরির ঘটনার রহস্য দ্রুত উন্মোচনের পথে। গ্রেফতার করা হয়েছে একজনকে। চুরি যাওয়া গাড়ি উদ্ধারের লক্ষ্যে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে রেখে তদন্ত জোরদার করেছে পুলিশ। ধৃত যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম আবুবক্কর আনসারী। তার বাড়ি বলরামপুর থানার রসুলডি গ্রামে। মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এই ঘটনার সূত্রপাত হয় বুধবার রাতে। লক্ষণপুর গ্রামের কবরস্থানের পাশ থেকে একটি চার চাকা গাড়ি চুরি যায়। পরদিন বৃহস্পতিবার গাড়ির মালিক শেখ জামির বরাবাজার থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে সোমবার রাতে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।










Post Comment