নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ব্যাংকিং পরিষেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও দীর্ঘমেয়াদে গ্রাহকবান্ধব করে তুলতে সপ্তাহে পাঁচদিন পূর্ণাঙ্গ ব্যাংকিং পরিষেবা চালুর দাবিতে কর্মবিরতির পথে হাঁটলেন স্টেট ব্যাংক কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হলেন তাঁরা। এর জেরে পুরুলিয়া শহরে স্টেট ব্যাংকের প্রধান শাখায় সকাল থেকেই লেনদেন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ব্যাংকের মূল প্রবেশদ্বার বন্ধ রেখে কর্মীরা শাখার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। পাশাপাশি বন্ধ রাখা হয় এটিএম পরিষেবাও। ফলে সকাল থেকে বহু গ্রাহক ব্যাংকে এসে পরিষেবা না পেয়ে সমস্যার মুখে পড়েন। বিশেষ করে বয়স্ক মানুষ ও দূরদূরান্ত থেকে আসা গ্রাহকদের ভোগান্তি চোখে পড়ার মতো ছিল।
এই আন্দোলনের বিষয়ে ব্যাংক কর্মী শক্তি মাহাতো বলেন, “বর্তমানে ব্যাংক কর্মীদের ওপর কাজের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পর্যাপ্ত কর্মী নেই, তার মধ্যেই সপ্তাহে ছ’দিন কাজ করতে হচ্ছে। এতে পরিষেবার মান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ছে। সপ্তাহে পাঁচ দিন ব্যাংক চালু রাখলে পরিষেবার মান আরও উন্নত হবে এবং গ্রাহকরাও উপকৃত হবেন।”
এদিকে হঠাৎ ব্যাংক বন্ধ থাকায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। দ্রুত সমস্যার সমাধান ও স্বাভাবিক পরিষেবা চালুর দাবিতে ব্যাংক কর্তৃপক্ষের হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন গ্রাহকরা।











Post Comment