নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঝালদা এক নম্বর ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েত এলাকায়। দীর্ঘদিন ধরে কাঁচা ও বেহাল রাস্তার সমস্যায় নাজেহাল হওয়া গ্রামবাসীদের জন্য এবার বাস্তব রূপ পেল বহুল প্রতীক্ষিত উন্নয়ন। ইলু ডুমুরতলা থেকে ডিবিরটিকার গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই গ্রামের বাসিন্দারা। পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় ৭৭ লক্ষ ৪৩ হাজার টাকার এই প্রকল্পকে এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন স্থানীয়রা।
এই উন্নয়ন প্রকল্পের সূচনা উপলক্ষে রবিবার ইলু গ্রামে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। তার সঙ্গে ছিলেন ঝালদা এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি সারতি মুড়া এবং ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রলয় চট্টোপাধ্যায়
সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ।
বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত জানান,
“এই রাস্তার দাবি গ্রামবাসীরা অনেকদিন ধরেই জানিয়ে আসছিলেন। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই কাজ করা আমাদের লক্ষ্য। এই রাস্তা তৈরি হলে শুধু যাতায়াতই সহজ হবে না, দু’টি গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নেও গতি আসবে”।
উন্নয়নের এই রাস্তা শুধু ইলু আর ডিবিরটিকারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই পথ দিয়ে এগোচ্ছে ঝালদা এক নম্বর ব্লকের সামগ্রিক অগ্রগতির গল্প।











Post Comment