নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
দিনের বেলায় রোদের দাপট থাকলেও ভোরের ঠান্ডা এখনও পুরোপুরি পিছু ছাড়ছে না পুরুলিয়ায়। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বুধবার জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে।
দুপুরে হালকা গরমের ভাব স্পষ্ট হলেও সকাল ও রাতের দিকে শীতের রেশ টের পাচ্ছেন জেলাবাসী। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার জোর কমে যাওয়ায় দিনের তাপমাত্রা বাড়ছে। তবে রাতের দিকে এখনও শুষ্ক বাতাসের প্রভাবে পারদ এক ধাক্কায় নেমে যাচ্ছে।
সব মিলিয়ে, পুরুলিয়ায় শীতের বিদায়পর্ব শুরু হলেও ভোররাতের ঠান্ডা জানিয়ে দিচ্ছে-মাঘের শেষ ছোঁয়াটা এখনও বাকি।


Post Comment