insta logo
Loading ...
×

পুরুলিয়া পর্যটনে মুশকিল আসান পুরসভা

পুরুলিয়া পর্যটনে মুশকিল আসান পুরসভা

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

অচেনা শহরে নেমে প্রথমেই কোথায় যাবেন, কীভাবে যাবেন—এই প্রশ্নে বিভ্রান্ত হন বহু পর্যটক। বিশেষ করে পাহাড়, জঙ্গল ও পর্যটন সম্ভারে ভরপুর পুরুলিয়া জেলায় এই সমস্যা আরও প্রকট। সেই অনিশ্চয়তার অবসান ঘটাতেই পুরুলিয়া রেলওয়ে স্টেশনে চালু হলো আধুনিক যাত্রী ও পর্যটক সেবা কেন্দ্র।
মঙ্গলবার পুরুলিয়া রেলস্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়া পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক তপন কুমার মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পরিকাঠামো বিশেষজ্ঞ কালী প্রসন্ন গঙ্গোপাধ্যায়, বোধিসত্ত্ব চক্রবর্তী, প্রদীপ মাহাতো, রাজু রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রেল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই সুসজ্জিত কিয়স্কের মাধ্যমে স্টেশনে নামা যাত্রী ও পর্যটকরা এখন থেকে জেলার দর্শনীয় স্থান, পর্যটন মানচিত্র, জয়চণ্ডী পাহাড় ও অযোধ্যা পাহাড়সহ বিভিন্ন জায়গায় যাওয়ার সঠিক যাতায়াত ব্যবস্থা, জরুরি নাগরিক পরিষেবা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাবেন। নতুন পর্যটকদের জন্য শহর সংক্রান্ত প্রাথমিক দিকনির্দেশও দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের পর্যটক—সকলের কাছেই এই কেন্দ্র কার্যত একটি ‘ওয়ান স্টপ সলিউশন’ হয়ে উঠবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।
এ প্রসঙ্গে তপন কুমার মণ্ডল জানান, “পুরুলিয়ায় পর্যটকদের সংখ্যা ক্রমশ বাড়ছে। স্টেশনে নেমেই যাতে তারা বিভ্রান্ত না হন এবং নিরাপদ ও সঠিক দিশা পান, সেই লক্ষ্যেই এই যাত্রী ও পর্যটক সেবা কেন্দ্র চালু করা হয়েছে।”
পৌরসভা সূত্রে জানা গেছে, মহকুমা শাসক তথা পৌর-প্রশাসক উৎপল কুমার ঘোষের পরিকল্পনা ও নির্দেশনায় এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রশাসনের আশা, এই উদ্যোগ পুরুলিয়াকে আরও বেশি অতিথিবৎসল করে তুলবে এবং জেলার পর্যটন শিল্পে নতুন গতি আনবে।

Post Comment