নিজস্ব প্রতিনিধি, হুড়া:
আগামী ২১ জানুয়ারি পুরুলিয়ার লধুড়কার চণ্ডেশ্বর ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাকে কেন্দ্র করে জেলায় তৎপরতা তুঙ্গে। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি দলের সাংগঠনিক স্তরেও চলছে শেষ মুহূর্তের তোড়জোড়।
শনিবার লধুড়কার চণ্ডেশ্বর ময়দানে সেরে ফেলা হয়েছে হেলিকপ্টার ট্রায়াল রান। দলীয় সূত্রে জানা গিয়েছে, সভার দিন আকাশপথেই পুরুলিয়ায় পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাড থেকে সরাসরি সভাস্থলে পৌঁছে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এ দিনই ট্রায়াল রান করা হয়।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই জনসভাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শাসকদল। সংগঠন মজবুত করা, কর্মীদের মধ্যে বার্তা দেওয়া এবং বিরোধীদের উদ্দেশে কড়া রাজনৈতিক বার্তা দিতেই এই সভার আয়োজন বলে দলীয় মহলের মত।
জেলা ও ব্লক স্তরে সভা সফল করতে প্রস্তুতি সভা, মাইকিং এবং কর্মী সমাবেশ চলছে। প্রত্যন্ত এলাকা থেকে মানুষ আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে ঘিরে তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে স্পষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।











Post Comment