নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া শহরে আগত পর্যটকদের নিরাপত্তা, দিশানির্দেশ ও জরুরি সহায়তা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া পুরসভা। খুব শীঘ্রই পুরুলিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় চালু হতে চলেছে একটি বিশেষ সহায়তা কেন্দ্র, যা পর্যটক থেকে শুরু করে শহরের প্রবীণ নাগরিকদের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
বিশেষ করে রাতের বেলায় যারা পুরুলিয়ায় নামবেন এবং শহর সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই, তাদের জন্য এই সহায়তা কেন্দ্র হবে ভরসার জায়গা। কোথায় থাকার ব্যবস্থা, যাতায়াত, চিকিৎসা কিংবা নিরাপত্তাজনিত কোনও সমস্যায় পড়লে এখান থেকেই মিলবে প্রয়োজনীয় দিকনির্দেশ ও সাহায্য।
একটি বড় সমস্যার দিকেও নজর দিয়েছে পুরসভা। টোটোর ভাড়া নিয়ে প্রায়শই অভিযোগ ওঠে। এই সহায়তা কেন্দ্র থেকেই টোটো ভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রীদের সচেতন করার কাজও করা হবে বলে জানা যাচ্ছে।
এই কেন্দ্রটি পরিচালিত হবে পুরুলিয়া পুরসভা, পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর এবং পুরুলিয়া পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে। ফলে প্রয়োজনে দ্রুত চিকিৎসা সহায়তা, পুলিশি সহায়তা কিংবা প্রশাসনিক সহযোগিতা এক ছাদের তলায় পাওয়া যাবে।পর্যটন শহর হিসেবে পুরুলিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করতে এই সহায়তা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা।











Post Comment