নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:
বেআইনি গবাদি পশু পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে এক বড় সাফল্য পেল পুঞ্চা থানার পুলিশ। মানবাজার–লালপুর রাজ্য সড়কে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ৮টি গরু ও মহিষের শাবক। এই ঘটনায় গাড়ির চালকসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি উদ্ধার হওয়া ২টি গরু ও ৬টি মহিষ শাবককে আইন অনুযায়ী জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মানবাজার দিক থেকে আসা একটি গাড়ি বুধপুর মোড় এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করছিল। পুলিশ গাড়িটি থামানোর নির্দেশ দিলেও চালক সেই নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এরপর পুঞ্চা কিষান মন্দির সংলগ্ন এলাকায় নাকা বসিয়ে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তল্লাশি চালিয়ে দেখা যায়, কোনও বৈধ কাগজপত্র ছাড়াই গবাদি পশু পরিবহন করা হচ্ছিল। সঙ্গে সঙ্গেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ ছুটু, শেখ আজিম, শেখ সামসেদ, শেখ রেজা, উত্তম মাহাত ও দেবরাজ মাহাত। প্রত্যেকের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্রামে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুঞ্চা থানার পুলিশ।










Post Comment