insta logo
Loading ...
×

পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে কী বললেন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকি

পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে কী বললেন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্য রাজনীতিতে বিজেপি ও তৃণমূলের বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার বার্তা নিয়ে পুরুলিয়ায় প্রথমবারের মতো বড় জনসভা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। শহরের ট্যাক্সি স্ট্যান্ডে অনুষ্ঠিত অধিকার সমাবেশ থেকে জোট রাজনীতি, ভোটার তালিকা সংশোধন, উত্তরবঙ্গের উন্নয়ন, জঙ্গলমহলের অধিকার এবং রাজ্যের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত বক্তব্য তুলে ধরেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী।
পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে একটি তৃতীয় রাজনৈতিক শক্তিকে সংগঠিত করার চেষ্টা চলছে। বিজেপি ও তৃণমূল— এই দুই প্রধান রাজনৈতিক দলের বাইরে থাকা দল ও সংগঠনগুলিকে একত্রিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সেই সূত্রেই কংগ্রেসের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে বলেও জানান তিনি। ইতিমধ্যেই একাধিক নেতৃত্বের সঙ্গে প্রাথমিক স্তরের কথা হয়েছে এবং ভবিষ্যতে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেননি।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী বলেন, বর্তমান রাজ্য রাজনীতিতে বিরোধিতা মানেই শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা, গণতান্ত্রিক অধিকার এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই হওয়া উচিত মূল লক্ষ্য। সেই কারণেই বিজেপি ও তৃণমূল— উভয়ের রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠলে আইনি পথে যাওয়ার বিষয়টি স্পষ্ট করে জানান আইএসএফ নেতৃত্ব। তাঁর মতে, ভোটাধিকার খর্ব হলে তা গণতন্ত্রের মূল কাঠামোকেই দুর্বল করবে।
উত্তরবঙ্গ প্রসঙ্গেও কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নওশাদ সিদ্দিকী। সম্প্রতি কেন্দ্রের তরফে নতুন ট্রেন পরিষেবা চালুর ঘোষণাকে স্বাগত জানালেও, তিনি মনে করেন শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই যথেষ্ট নয়। চা শ্রমিকদের ন্যায্য অধিকার, জীবনযাত্রার মান এবং কর্মসংস্থানের বিষয়গুলিকে সমান গুরুত্ব দিতে হবে। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার দায় রাজ্য সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা ব্যবস্থার অবনতির অভিযোগ তুলে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন আইএসএফ সুপ্রিমো। বিশেষ করে জঙ্গলমহল এলাকায় আদিবাসী ও প্রান্তিক মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার ওপর জোর দেন তিনি। পঞ্চম তফসিলের বাস্তবায়ন এবং ছোটনাগপুর প্রজাস্বত্ব আইনের কার্যকর প্রয়োগ ছাড়া জঙ্গলমহলের উন্নয়ন সম্ভব নয় বলেও মত প্রকাশ করেন।
পুরুলিয়ায় আইএসএফের এই প্রথম বড় সভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন জোট সমীকরণের ইঙ্গিত মিলছে। বিজেপি ও তৃণমূলের বাইরে সত্যিই কোনও বিকল্প শক্তি রাজ্যে কতটা প্রভাব ফেলতে পারবে, তা আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতির গতিপথেই স্পষ্ট হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Post Comment