নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে মানবসেবা, পরিচ্ছন্নতা, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত গড়ে উঠল। দিব্যায়ন ও স্থানীয় উদ্যোগে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল জাতীয় যুব দিবস মানবাজারে গোবিন্দপুর বিদ্যালয়ে।
দিনের সূচনা হয় গ্রাম সাফাই অভিযানে, যেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয়। এরপর অনুষ্ঠিত হয় ‘কুয়োর ব্যাঙ’ নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সমাজের কুসংস্কার ও সংকীর্ণ মানসিকতার বিরুদ্ধে স্বামীজীর দর্শন তুলে ধরা হয় নাটকের ভাষায়।
অনুষ্ঠানে স্বদেশ মন্ত্র পাঠ ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ ও আত্মনির্ভরতার চেতনা জাগ্রত করে।
বিবেকানন্দের কর্মময় জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজন করা হয় জীবনীভিত্তিক প্রদর্শনী। ছবির মাধ্যমে স্বামীজীর জীবনসংগ্রাম, ভাবধারা ও মানবপ্রেম শিক্ষার্থীদের গভীরভাবে প্রভাবিত করে।
প্রবল শীতের কথা মাথায় রেখে মানবিক উদ্যোগ নেয় কলকাতার দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টার। তাদের ব্যবস্থাপনায় ১৬৩ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সোয়েটার।
এই প্রসঙ্গে শিক্ষক অমিতাভ মিশ্র বলেন,
“তীব্র শীতের কারণে ছোট ছোট বাচ্চাদের স্কুলে আসতে সমস্যা হচ্ছিল। দিব্যায়নের সৌজন্যে সোয়েটার পাওয়ায় সেই অসুবিধা অনেকটাই দূর হয়েছে।”
বিবেকানন্দের জন্মদিনে সরকারি ছুটি থাকা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত থেকে পড়ুয়াদের আনন্দ আরও বাড়িয়ে দেন ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. অমিতা মৈত্র। তাঁর অনুদানে আয়োজিত হয় তিথি ভোজন, যেখানে ভাত, ডাল, সবজি, মাংস, চাটনি ও পায়েস পরিবেশন করা হয়। এই ভোজনে অংশ নিয়ে শিশুরা উৎসবের আনন্দে মেতে ওঠে। সমগ্র অনুষ্ঠান জুড়ে শিক্ষা, সংস্কৃতি ও সেবার যে সমন্বয় দেখা গেল, তা স্বামী বিবেকানন্দের আদর্শকেই বাস্তব রূপ দিল।











Post Comment