নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে আর্থিক ও প্রশাসনিকভাবে বঞ্চিত করার অভিযোগ তুলে বাঘমুন্ডিতে প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। বিজেপির লাগাতার কুৎসা ও কেন্দ্রের বৈষম্যমূলক নীতির প্রতিবাদে আয়োজিত এই সভা কার্যত রূপ নেয় রাজনৈতিক শক্তি প্রদর্শনে।
মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, “পরিকল্পিত ভাবে বাংলাকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রশাসনিক কাজকর্মে বাধা সৃষ্টি করে রাজ্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। এটা শুধুই রাজনৈতিক প্রতিহিংসা।”
মন্ত্রী আরও বলেন, বাংলার উন্নয়নের গতি রুখতে কেন্দ্র একের পর এক ষড়যন্ত্র করছে। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের অধিকার রক্ষায় কোনও আপস করবে না।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সরেন, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, প্রাক্তন মন্ত্রী শান্তির মাহাতো-সহ দলের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব।
বক্তারা একযোগে অভিযোগ করেন, কেন্দ্র সরকার বাংলার মানুষের ন্যায্য পাওনা আটকে রেখে উন্নয়ন থামানোর চেষ্টা করছে। আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রতি বঞ্চনামূলক মনোভাব স্পষ্ট বলে দাবি করা হয়। সভা থেকে জানানো হয়, এই বঞ্চনার বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে। বাংলার স্বার্থ রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানানো হয় সভা মঞ্চ থেকে।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে বাঘমুন্ডির এই প্রতিবাদ সভা তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করার পাশাপাশি কেন্দ্র–রাজ্য সংঘাতের বার্তা স্পষ্টভাবে তুলে ধরল।











Post Comment