সুইটি চন্দ্র, পুরুলিয়া:
বছরের শুরুতেই জেলাবাসীর আশা জাগিয়েছিল পুরুলিয়া জেলা খাদি মেলা। গত বছর যেখানে প্রথম বর্ষের মেলায় বিক্রি হয়েছিল প্রায় ১ কোটি ৮৭ লক্ষ টাকা, সেখানে দ্বিতীয় বর্ষে খাদি কর্তৃপক্ষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আড়াই কোটি টাকা। কিন্তু শুক্রবার মেলার উদ্বোধনী দিনে সেই লক্ষ্য থেকে অনেকটাই দূরে থাকল চিত্রটা।
শহরের জিইএল চার্চ ময়দানে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এবং পুরুলিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হওয়া এই মেলায় উদ্বোধনের দিন হাতে গোনা কয়েকটি স্টল ছাড়া প্রায় কোনও দোকানই বসেনি। ফলে নির্দিষ্ট সময়ে মেলায় পৌঁছে বহু ক্রেতা ও দর্শনার্থী হতাশ হয়ে ফিরে যান। অনেকেরই অভিযোগ, মেলা শুরু হলেও প্রকৃত অর্থে প্রস্তুতির অভাব চোখে পড়েছে প্রথম দিনেই।
খাদির বিভিন্ন সামগ্রী, গ্রামীণ শিল্পজাত পণ্য এবং স্বনির্ভর গোষ্ঠীর তৈরি দ্রব্য কেনার আশায় মানুষজন ময়দানে এলেও ফাঁকা মাঠ ও অসম্পূর্ণ স্টল দেখে হতাশা বাড়ে। এর প্রভাব পড়ে মেলার প্রথম দিনের সামগ্রিক পরিবেশ ও বিক্রির উপর। জানা গেছে, মোট ১২ দিন ধরে এই খাদি মেলা চলবে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। কর্তৃপক্ষের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই সব স্টল বসে যাবে এবং মেলা পুরোদমে জমে উঠবে।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জেলা আধিকারিক পাপু মুখোপাধ্যায় বলেন, “এবারের মেলায় আমরা আড়াই কোটি টাকা বিক্রির লক্ষ্য নিয়েছি। প্রথম দিন কিছুটা সমস্যা হলেও আগামী দিনে মেলা আরও জমজমাট হবে এবং ক্রেতাদের ভালো সাড়া পাওয়া যাবে।”











Post Comment