insta logo
Loading ...
×

ওজনে কারচুপি! এ কী কাণ্ড বলরামপুর বাজারে!

ওজনে কারচুপি! এ কী কাণ্ড বলরামপুর বাজারে!

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাবেচায় দীর্ঘদিন ধরে চলা ওজনের কারচুপির অভিযোগকে সামনে রেখে এবার সরাসরি মাঠে নামল প্রশাসন। বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ পুরুলিয়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও মেট্রোলজি বিভাগের একটি যৌথ প্রতিনিধি দল আচমকা অভিযান চালায় বলরামপুর ডেলি মার্কেটে।

অভিযান চলাকালীন বাজারের একাধিক সবজি, মাছ, মাংস, ফল ও মশলার দোকানে ব্যবহৃত ওজন মেশিন ও বাটখারা খুঁটিয়ে পরীক্ষা করেন আধিকারিকরা। যাচাইয়ে দেখা যায়, বেশ কিছু দোকানে ব্যবহৃত ওজন যন্ত্র সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদিত নয় কিংবা দীর্ঘদিন ধরে রিনিউ করা হয়নি। ফলস্বরূপ, একাধিক ওজন মেশিন ও বাটখারা বাজেয়াপ্ত করা হয়।
অভিযানকারী আধিকারিকরা স্পষ্ট ভাষায় ব্যবসায়ীদের সতর্ক করে জানান, নির্ধারিত সময় অন্তর ওজন যন্ত্রের রিনিউ বাধ্যতামূলক। ভবিষ্যতে এই নিয়ম অমান্য করলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
তবে অভিযানের সময় একটি চাঞ্চল্যকর চিত্রও সামনে আসে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে একাধিক দোকানদার দোকান ফেলে পালিয়ে যান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এতদিন ধরে বাজারে প্রকাশ্যেই চলছিল ওজনের কারচুপি?

বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ক্ষোভ ও সন্দেহ। তাঁদের দাবি,
“প্রতিদিনের বাজারে আমরা বিশ্বাস করেই জিনিস কিনি। যদি ওজনেই কারচুপি হয়ে থাকে, তাহলে এতদিন ধরে আমরা প্রতারিত হচ্ছিলাম।”

Post Comment