নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পর্যটন মরশুমে পুরুলিয়া জেলার গ্রামীণ অর্থনীতি ও স্বনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জেলা প্রশাসন। জেলার নিজস্ব কৃষি ও বনজ পণ্যকে পর্যটকদের দোরগোড়ায় পৌঁছে দিতে পুরুলিয়া জেলা প্রশাসনের সহায়তায় পুরুলিয়া জেলা আরএমসি চারটি বিশেষ মোবাইল বিক্রয় ভ্যান চালু করল।
এই মোবাইল কাউন্টারগুলির মাধ্যমে এক ছাতার তলায় মিলবে পুরুলিয়ার খাঁটি ও নিজস্ব উৎপাদিত পণ্য—মধু, গুড়, মাশরুম, চাল, বড়ি সহ নানা গ্রামীণ খাদ্যপণ্য। জেলার গ্রামীণ স্বাদ ও ঐতিহ্যকে সামনে এনে পর্যটকদের কাছে বিশ্বাসযোগ্য ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই প্রকল্পের জন্য নির্ধারিত ট্যাগলাইন—
“যা খাঁটি, তা পুরুলিয়া”
এই স্লোগানই জানিয়ে দিচ্ছে, এই কাউন্টার থেকে সংগ্রহ করা প্রতিটি পণ্য শতভাগ খাঁটি এবং সম্পূর্ণভাবে পুরুলিয়ার নিজস্ব উৎপাদন।
প্রাথমিকভাবে চারটি মোবাইল ভ্যানের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। অযোধ্যা পাহাড় ও সংলগ্ন বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ঘুরে ঘুরে এই ভ্যানগুলি পণ্য বিক্রি করবে। ফলে পর্যটকদের যেমন আলাদা করে বাজার খুঁজতে হবে না, তেমনই জেলার কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীগুলিও সরাসরি উপকৃত হবেন।
বুধবার এই চারটি মোবাইল বিক্রয় কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি, জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসকগণ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত জেলাশাসক, পুরুলিয়া বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক, ঝালদা মহকুমার মহকুমা শাসক, বাঘমুন্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, পুরুলিয়া জেলা আরএমসি-র সচিব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।











Post Comment