নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
পুরুলিয়া জেলার বলরামপুরে জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠে এল। সোমবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ বলরামপুর–জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের মালতি এলাকায় রাস্তার ধারে আলো ও কোনও সতর্ক সংকেত ছাড়াই দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে একটি মোটরবাইক।
এই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন বাইক আরোহী কিরিটি লায় নামে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের অন্ধকারে লরিটি প্রায় চোখেই পড়েনি, যার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।











Post Comment