নিজস্ব প্রতিনিধি,সাঁতুড়ি:
পুরুলিয়া জেলার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে শিক্ষার পরিকাঠামো আরও মজবুত করতে সরাসরি মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলাশাসক সুধীর কোন্থাম। শনিবার রঘুনাথপুর মহকুমার সাঁতুড়ি ব্লকে অবস্থিত পন্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয় ও হোস্টেল পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে বিদ্যালয় ও ছাত্রাবাসের শিক্ষার পরিবেশ, আবাসিক সুবিধা, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ ব্যবস্থা, রান্নাঘর ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খুঁটিয়ে দেখেন জেলাশাসক। পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের দৈনন্দিন সমস্যা ও প্রয়োজনের কথাও শোনেন তিনি। পড়াশোনার মান, শিক্ষক উপস্থিতি এবং সহশিক্ষা কার্যক্রম নিয়েও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমার মহকুমাশাসক বিবেক পঙ্কজ, সাঁতুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধিরা। প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে জেলাশাসক স্পষ্টভাবে জানান, আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষাব্যবস্থা শুধুমাত্র ভবন নির্মাণেই সীমাবদ্ধ নয়, বরং সেখানে নিরাপদ পরিবেশ, স্বাস্থ্যকর জীবনযাপন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
পরিদর্শন শেষে প্রাপ্ত বিভিন্ন ঘাটতি দ্রুত সমাধানের নির্দেশ দেন জেলাশাসক। প্রয়োজনে অতিরিক্ত পরিকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক সহায়তার আশ্বাসও দেওয়া হয়। জেলা প্রশাসনের এই সক্রিয় উদ্যোগে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক মহল।
স্থানীয়দের মতে, এমন সরাসরি প্রশাসনিক নজরদারি আদিবাসী অধ্যুষিত এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখাবে এবং পিছিয়ে পড়া পড়ুয়াদের মূল স্রোতে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।











Post Comment