insta logo
Loading ...
×

অলিম্পিকজয়ী ক্যাপ্টেনের জন্মদিনে শ্রদ্ধা পুরুলিয়ায়

অলিম্পিকজয়ী ক্যাপ্টেনের জন্মদিনে শ্রদ্ধা পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

অলিম্পিকজয়ী হকি দলের ক্যাপ্টেন, আদিবাসী আন্দোলনের পথিকৃৎ মারাং গোমকে জয়পাল সিং মুন্ডার ১২৪তম জন্মদিন পালিত হল পুরুলিয়া শহরে। শনিবার পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠান।

১৯০৩ সালের ৩ জানুয়ারি ঝাড়খণ্ডের রাঁচিতে এক খ্রিস্টান মুন্ডা পরিবারে জন্ম জয়পাল সিং মুন্ডার। অক্সফোর্ডের সেন্ট জন্‌স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি খেলাধুলার জগতেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। ১৯২৮ সালের অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক ছিলেন জয়পাল সিং মুন্ডা।

খেলাধুলার গণ্ডি পেরিয়ে আদিবাসীদের অধিকার রক্ষার লড়াইয়েও অগ্রণী ভূমিকা নেন তিনি। ১৯৩৯ সালে আদিবাসী মহাসভা গঠন করে ছোটনাগপুর এলাকায় আদিবাসী স্বার্থে আন্দোলন শুরু করেন। ভারতের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশ স্বাধীন হওয়ার পর খরসওয়া অঞ্চলকে উড়িষ্যার সঙ্গে যুক্ত করার বিরোধিতায় এবং আদিবাসীদের জন্য পৃথক রাজ্যের দাবিতে বৃহৎ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি।

১৯৪৮ সালের ১ জানুয়ারি খরসওয়াতে তাঁর নেতৃত্বে লক্ষাধিক আদিবাসীর জমায়েতে পুলিশের গুলিতে বহু মানুষ শহিদ হন, আহত হন অসংখ্য। স্বাধীন ভারতের ‘জালিয়ানওয়ালাবাগ’ হিসেবে পরিচিত সেই ঘটনা আজও আদিবাসী ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। পরবর্তী সময়ে রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে প্রথম সাধারণ নির্বাচন-সহ টানা চারবার সাংসদ নির্বাচিত হন তিনি। আদিবাসীদের জন্য পৃথক রাজ্যের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়িত হয় ঝাড়খণ্ড রাজ্য গঠনের মধ্য দিয়ে ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মাহালি, পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার, সমিতির রাজ্য সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, সমাজসেবী দেবরাজ মাহাতো, জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ হলধর মাহাত-সহ বিশিষ্টজনেরা। তাঁদের বক্তব্যে উঠে আসে জয়পাল সিং মুন্ডার সংগ্রামী জীবন ও আদিবাসী সমাজের প্রতি তাঁর অবদান।

Post Comment