insta logo
Loading ...
×

যাত্রীর গলায় কোপ, বাইক লুঠ, তিন মাস পরে গ্রেফতার

যাত্রীর গলায় কোপ, বাইক লুঠ, তিন মাস পরে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে যাত্রীকে রাস্তায় ফেলে মোটরবাইক ছিনতাইয়ের ঘটনায় তিন মাস পর এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার টামনা থানার পুলিশ। ধৃতের নাম নির্মল গরাঁই। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার খোঁজদা গ্রামে। ধৃতের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরবাইক উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২ অক্টোবর হুড়া থানার কুলাবহাল গ্রামের বাসিন্দা তোতন সর্দার রাত প্রায় ১২টা নাগাদ মোটরবাইক নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। তার শ্বশুরবাড়ি মফস্বল থানার বেলকুঁড়িতে। টামনা থানার সোনাইজুড়ি গ্রামের কাছে ১৮ নম্বর জাতীয় সড়কের ওপর দুই অজ্ঞাত পরিচয় যুবক তার পথ আটকায়। অভিযোগ, অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে মোটরবাইক, মোবাইল ও ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা।

পথচলতি মানুষজন আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় ৩ অক্টোবর আহতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়।

তদন্তে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে টামনা থানার বাগদাডি গ্রাম থেকে নম্বরপ্লেটবিহীন মোটরবাইকসহ নির্মল গরাঁইকে আটক করা হয়। ইঞ্জিন ও চেসিস নম্বর মিলতেই তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার আদালত ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অন্য অভিযুক্তের খোঁজে তদন্ত চলছে।

Post Comment