নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বছরের শেষ দিনেও পুরুলিয়ায় শীতের দাপট বজায়। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ৩১ ডিসেম্বর জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৬.৫ ডিগ্রিতে।
তবে যথারীতি তাপমাত্রা নিয়ে বিভ্রান্তি কাটছে না। আলিপুর আবহাওয়া দফতরের যন্ত্রে এ দিন পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা দেখানো হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। জেলাবাসীর একাংশের বক্তব্য, এমন কনকনে ঠান্ডায় এই অঙ্ক বাস্তবের সঙ্গে মিলছে না। ফলে ফের প্রশ্ন উঠছে, সার্কিট হাউসের পিছনে বসানো আবহাওয়া দফতরের যন্ত্রে গোলমাল রয়েছে কি না।
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর ভারতের উপর সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত ঠান্ডা উত্তুরে হাওয়ার জোর কিছুটা কমেছে। তার ফলেই তাপমাত্রা সামান্য বাড়ছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৪ জানুয়ারি পেরোনোর পর ফের সক্রিয় হবে উত্তুরে হাওয়া। তখন পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আবার নামতে পারে।


Post Comment