insta logo
Loading ...
×

স্বয়ং জেলা সভাপতির বিরুদ্ধে বান্দোয়ানে লিফলেট, প্রতিষ্ঠা দিবসে অস্বস্তি তৃণমূলে

স্বয়ং জেলা সভাপতির বিরুদ্ধে বান্দোয়ানে লিফলেট, প্রতিষ্ঠা দিবসে অস্বস্তি তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

সাদা ও গোলাপি রঙের লিফলেট ঘিরে নতুন বছরের প্রথম দিনেই অস্বস্তিতে তৃণমূল। দলের প্রতিষ্ঠা দিবস, ১ জানুয়ারিতেই পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভা এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক রাজীবলোচন সরেনের বিরুদ্ধে কড়া ভাষার প্রচারপত্র। দলের অন্দরে থেকেই কি এই আক্রমণ—তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। শাসকদলের অস্বস্তি আরও বেড়েছে এই কারণে যে, যাঁর বিরুদ্ধে এই লিফলেট, তিনিই জেলার সর্বোচ্চ দলীয় পদে থাকা নেতা।

ওই লিফলেটে বিধায়কের কাজকর্ম নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছে। শিরোনাম ও স্লোগানে সরাসরি আক্রমণ করে বলা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা ভোটে রাজীবলোচন সরেন বা তাঁর পরিবারের কোনও সদস্যকে প্রার্থী করা উচিত নয়। প্রচারপত্রের উপরে ও নিচে লেখা—‘আহবানে বান্দোয়ান তৃণমূল কংগ্রেসের সমর্থকবৃন্দ’। কিন্তু এই সমর্থকবৃন্দ কারা, তা স্পষ্ট নয়। ফলে প্রশ্ন উঠছে, এই প্রচারের নেপথ্যে কি কোনও সংগঠিত বিধায়ক-বিরোধী গোষ্ঠী সক্রিয় হয়েছে?

এই লিফলেট ছড়ানোকে ভাল চোখে দেখেনি বান্দোয়ান ব্লক তৃণমূল নেতৃত্ব। জেলা স্তরে শোরগোল পড়লেও দলীয় সূত্রের খবর, বিষয়টি ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের নজরে এসেছে। ভোটের আগে এমন প্রচার চালিয়ে অনৈক্যের বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

যদিও এই বিতর্কে নিজেকে জড়াতে চাইছেন না রাজীবলোচন সরেন। তাঁর বক্তব্য, “মানুষ আমার সঙ্গে আছেন। সবকিছু দল দেখছে। দলই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

নতুন বছরের শুরুতেই বান্দোয়ানকে ঘিরে তৈরি হওয়া এই ঘটনায় স্পষ্ট, বিধানসভা ভোট যত এগোচ্ছে, ততই তৃণমূলের অন্দরের টানাপোড়েন প্রকাশ্যে আসছে।

Post Comment