insta logo
Loading ...
×

সুই*সাইড পয়েন্টে ব্যারিকেড দিলো বনদপ্তর

সুই*সাইড পয়েন্টে ব্যারিকেড দিলো বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

বড়দিন ও বছরের শেষের ছুটির মরশুমে পর্যটকদের ভিড় সামাল দিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা বনদপ্তর। পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত অত্যন্ত বিপজ্জনক দুই পর্যটন কেন্দ্র—সুইসাইড পয়েন্ট ও মাছকান্দা জলপ্রপাতে অস্থায়ী ব্যারিকেড বসানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই দুটি এলাকা খাড়া পাহাড়ি ঢাল ও পিচ্ছিল প্রাকৃতিক কাঠামোর জন্য বরাবরই ঝুঁকিপূর্ণ। সামান্য অসাবধানতায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় অতীতেও একাধিক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে এই অঞ্চল। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বনদপ্তর।

ব্যারিকেড বসিয়েই দায়িত্ব শেষ করেনি প্রশাসন। পর্যটকদের সতর্ক করতে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে সচেতনতার প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি, যে সমস্ত এলাকায় প্রবেশ নিষেধ বা ঝুঁকিপূর্ণ, সেখানে না যাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে পর্যটকদের।

অপ্রত্যাশিত কোনও ঘটনা এড়াতে সুইসাইড পয়েন্ট ও মাছকান্দা ফলস সংলগ্ন এলাকায় পুলিশ ও বনকর্মীদের যৌথভাবে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসনও।

ডিএফও অঞ্জন গুহ জানান, “পর্যটন মরশুমের কথা মাথায় রেখে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে স্থায়ী ও মজবুত ব্যারিকেড বসানোর পরিকল্পনাও রয়েছে, যাতে দীর্ঘমেয়াদে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।
জেলা প্রশাসন ও বনদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। অনেকের মতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, আর সেই দিক থেকেই এই পদক্ষেপ সময়োপযোগী।

Post Comment