নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
জঙ্গি হামলায় নিহত আইবি অফিসারের জন্ম দিবস অন্যভাবে পালন করলেন তাঁর বন্ধুরা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শহীদ হওয়া ঝালদার বাসিন্দা ও কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের আধিকারিক মনীশরঞ্জন মিশ্রর জন্মদিন পালিত হল মানবিকতার বার্তায়।
গত রবিবার মনীশের জন্মদিন উপলক্ষে তার বন্ধুরা অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রামাঞ্চল ও ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একাধিক মানবিক কর্মসূচির আয়োজন করেন।
শীতে কাঁপতে থাকা সাধারণ মানুষ, হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় শতাধিক কম্বল। পাশাপাশি শিশুদের মধ্যে চকলেট ও বিস্কুট বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নেওয়া হয়। শহীদের জন্মদিনকে কেন্দ্র করে এই মানবিক কর্মসূচি যেন এক অন্যরকম শ্রদ্ধার্ঘ্য হয়ে উঠল।
নিহত মনীশরঞ্জন মিশ্রর বন্ধুরা জানান, “মনীশ শুধু একজন দক্ষ আধিকারিকই ছিলেন না l তিনি ছিলেন মানবিক মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। তাঁর স্মৃতি ও আদর্শকে বাঁচিয়ে রাখতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
এই উদ্যোগে খুশি গ্রামবাসী, রোগী ও তাদের আত্মীয়রা।
কাশ্মীরের রক্তাক্ত ঘটনার স্মৃতি বুকে নিয়ে, অযোধ্যা পাহাড়ের কোলে এদিন ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার আলো ছড়িয়ে পড়ল শহীদ মনীশরঞ্জন মিশ্রর জন্মদিনে।











Post Comment