insta logo
Loading ...
×

শহরজুড়ে বুলডোজার চলবে! যানজট যন্ত্রণা থেকে মুক্তি পাবে পুরুলিয়া?

শহরজুড়ে বুলডোজার চলবে! যানজট যন্ত্রণা থেকে মুক্তি পাবে পুরুলিয়া?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

যানজটের জাঁতাকলে নিত্যদিন নাকাল হচ্ছিল পুরুলিয়া শহর। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গজিয়ে ওঠা অস্থায়ী দোকান ও অবৈধ নির্মাণের জেরে সমস্যায় পড়ছিল সাধারণ মানুষ। অবশেষে কড়া সিদ্ধান্ত নিল পুরুলিয়া পুরসভা। প্রশাসকের নির্দেশে শহর জুড়ে শুরু হলো বুলডোজার অভিযান।
পুরুলিয়া পুরসভার বোর্ড ভেঙে যাওয়ায় বর্তমানে প্রশাসকের দায়িত্বে রয়েছেন পুরুলিয়া সদর মহকুমাশাসক উৎপলকুমার ঘোষ। দায়িত্ব নেওয়ার আগেই দখলদারদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন তিনি—আইন মেনে না চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সতর্কবার্তার বাস্তব রূপ দেখা গেল রবিবার ছুটির দিনই।

পুরসভা সূত্রে জানা গেছে, আগাম নোটিশ দেওয়ার পরেও যারা ফুটপাত দখল করে দোকান চালিয়ে যাচ্ছিলেন, তাদের অবৈধ নির্মাণ পুরুলিয়া স্টেশন চত্বর-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জেসিবি মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। এই অভিযানের মূল লক্ষ্য ছিল যান চলাচল স্বাভাবিক করা এবং পথচারীদের চলাচলের সুবিধা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে হাঁটাচলায় মারাত্মক সমস্যা তৈরি হয়েছিল।
এ বিষয়ে শহরবাসী ধীরেন্দ্রনাথ দাঁ বলেন, “দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ছিলাম। প্রশাসন যে কঠোর সিদ্ধান্ত নিয়েছে, তা শহরের স্বার্থে প্রয়োজনীয় ছিল।”
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত দোকান মালিক প্রসেনজিৎ দাঁ জানান, “শহরের সর্বত্র এমন অভিযান চললে ভালো হবে।”
পুরসভার আধিকারিক সুমিত বক্সি স্পষ্ট করে জানান, “ফুটপাত দখল করে কোনও ব্যবসা আইনসম্মত নয়। আগাম সতর্কতা দেওয়ার পরেও যারা অবৈধ নির্মাণ সরাননি, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধা ও শহরকে যানজট মুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। আইন মেনে চললে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তবে বেআইনি দখলদারির ক্ষেত্রে কোনও আপস হবে না।”
এই অভিযানে আপাতত স্বস্তি ফিরেছে শহরবাসীর মধ্যে। এখন দেখার, প্রশাসনের এই বুলডোজার নীতিতে পুরুলিয়া শহর কতটা স্থায়ীভাবে যানজট মুক্ত হতে পারে।

Post Comment