insta logo
Loading ...
×

লিজের মেয়াদ শেষে পুকুরে বিষ ইজারাদারের! মৃ*ত মাছ খেয়ে অসুস্থ ২০ শবর

লিজের মেয়াদ শেষে পুকুরে বিষ ইজারাদারের! মৃ*ত মাছ খেয়ে অসুস্থ ২০ শবর

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

পুকুরের জলে বিষ! আর সেই বিষক্রিয়ায় মৃত মাছ। অসুস্থ হয়ে গিয়েছিলেন পুরুলিয়ার পুঞ্চা থানার দামোদরপুর গ্রামের ২০ জন শবর জনজাতির মানুষ। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে ওই পুকুরের ইজারাদারকে গ্রেফতার করেছে পুঞ্চা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ইজারাদারের নাম গৌরাঙ্গসুন্দর মাহাতো। তার বাড়ি ওই দামোদরপুর গ্রামেই। আজ রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।

গত শনিবার দুপুরে পুঞ্চা ব্লক প্রশাসনের কাছে খবর আসে গত দু’দিন ধরে মাছের মড়ক লেগেছে দামোদরপুর গ্রামের একটি জলাশয়ে। পরে খোঁজ নিয়ে ব্লক প্রশাসন জানতে পারে ওই পুকুরে বিষ দেওয়ার ফলে এমন ঘটনা। একের পর এক মাছ মরে যাচ্ছে। ওই এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলে জানা যায় শুক্রবার থেকেই ওই পুকুরে প্রচুর মাছ
মরে জলাশয়ের পাড়ে ভেসে উঠছে। সেই মাছ রান্না করে খান ওই এলাকার শবর জনজাতির মানুষজন। আবার অনেকে বিক্রিও করেন বলে অভিযোগ। পুলিশের কাছে এই খবর আসামাত্র-ই তড়িঘড়ি ওই শবর জনজাতির বাসিন্দাদেরকে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ব্লক স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদেরকে ছেড়ে দেয়। পরে পুলিশ তাদের বাড়িতে গিয়ে প্রচুর কাঁচা ও ভাজা মাছ উদ্ধার করে তা নষ্ট করে দেয়। বিডিও দীপ চট্টোপাধ্যায় বলেন, “এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে গ্রামে মাইকিং করা হয়েছে। যাতে পুকুরের জল কেউ ব্যবহার না করে মাছ না ধরেন।”

পুঞ্চা ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পুকুরটি খনন করার পর গৌরাঙ্গসুন্দর মাহাতোকে লিজ দেওয়া হয়েছিল। মেয়াদ শেষের মুখে তিনি নাকি সমস্ত মাছ ওই পুকুর থেকে তুলতে পারেননি। ফলে বিষ দিয়ে মাছগুলোকে মেরে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশি জেরায় ধৃত জানিয়েছে, ট্যাবলেট জাতীয় একটি কীটনাশক দিয়ে ওই পুকুরের জলে মাছ মারা হয়।

Post Comment