নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
হাড় কাঁপানো শীতের মধ্যেও অবহেলিত পুরুলিয়া। পুরুলিয়া সার্কিট হাউসে আলিপুর আবহাওয়া দফতরের যে তাপমাত্রা পরিমাপক যন্ত্র রয়েছে, তা এখনও বিকল অবস্থায়। বিষয়টি জানানো হলেও পাঁচ দিন পেরিয়ে গেলেও মেশিন সারাতে কোনও কর্মী এসে পৌঁছননি। ফলে শনিবারের সরকারি আবহাওয়া রিপোর্টে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে।
কিন্তু বাস্তবে যে তীব্র ঠান্ডা জেলাবাসী অনুভব করেছেন, তা কোনও ভাবেই ১১ ডিগ্রির সঙ্গে মেলে না—এমনটাই মত অনেকের। কুয়াশাহীন ভোর, সূর্যের উপস্থিতি সত্বেও শিরশিরে উত্তুরে হাওয়ায় শীতের দাপট ছিল চরমে। এই পরিস্থিতিতে তাপমাত্রা জানার একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষি দপ্তরের হাতোয়াড়ায় বসানো যন্ত্র।
কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ২৭ ডিসেম্বর পুরুলিয়ায় বৃষ্টিপাত হয়নি। ওই দিনে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৬.০ ডিগ্রিতে। উল্লেখযোগ্য ভাবে, চলতি মরশুমে এর আগে ৬ ডিসেম্বরেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি। ফলে ওই দিন ও শনিবার—এই দু’টি দিনই এ মরশুমের শীতলতম হিসেবে ধরা হচ্ছে।
কাগজের হিসেব আর বাস্তবের অনুভূতির এই ফারাক ঘিরে প্রশ্ন উঠছে। জেলাবাসীর দাবি, দ্রুত আবহাওয়া দফতরের যন্ত্র সারানো হোক, যাতে পুরুলিয়ার প্রকৃত তাপমাত্রার ছবি স্পষ্ট হয়।

Post Comment