নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
আবার চোর গুজবে পুরুলিয়ার গ্রামে গণপিটুনি। রঘুনাথপুরের চিনপিনার পর এবার কাশিপুরের জোড়থোল গ্রাম। গুজবেই গণপিটুনির শিকার হন এক যুবক। আর তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। এমনকি ভাঙচুর হয় পুলিশের গাড়িও। গত শুক্রবার রাতে ওই গ্রামের এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রঘুনাথপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গোবিন্দ রায়, প্রবোধ রায় ও সুবোধ রায়।
শনিবার ধৃতদেরকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে প্রথম দুজনের ১০ দিনের পুলিশ হেফাজত ও তৃতীয়জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় প্রায় ৭০ জনের বিরুদ্ধে একটি
স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ।
ঠিক কি হয়েছিলো জোড়থোল গ্রামে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুড়া এলাকার এক যুবককে ওই গ্রামের মানুষজন আটকে রেখেছিলেন। অভিযোগ তিনি নাকি চোর! আর সেই চোর সন্দেহে তাকে বেধড়ক পেটানো হয়। এই খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায়। পুলিশ ওই যুবককে উদ্ধার করার চেষ্টা করলে এলাকার উত্তেজিত জনতা পুলিশের কাজে বাধা দেয় বলে অভিযোগ। সেই সঙ্গে পুলিশের সঙ্গে শুরু হয় তীব্র বাদানুবাদ। তারপর ভাঙচুর হয় পুলিশের গাড়ি। এই ঘটনায় কাশিপুরে বেশ কয়েকজন পুলিশ আক্রান্ত হন। পরে অবশ্য আরও বেশি পুলিশের চেষ্টায় ওই যুবককে উদ্ধার করে কাশিপুরের কল্লোলি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সম্প্রতি রঘুনাথপুরের চিনপিনা গ্রামে চোর গুজবে গণপিটুনির শিকার হন এক যুবক। পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে ওই ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছিল। এই ঘটনাতেও দ্রুত পদক্ষেপ নিল।










Post Comment