নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
দলছুট দাঁতালের হামলায় মৃতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দিল পুরুলিয়া বনবিভাগ। শনিবার বিকালে পুরুলিয়ার ঝালদার ডাকাই গ্রামে মৃতের বাড়িতে গিয়ে তার স্বামী গোপাল গোপের হাতে ৫ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন পুরুলিয়া বনবিভাগের কর্তারা। ওই
চেক প্রদান অনুষ্ঠানে ছিলেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো, পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ ও এডিএফও সায়নী নন্দি, ঝালদা থানার আইসি পার্থসারথী ঘোষ সহ রেঞ্জ আধিকারিকরা। ক্ষতিপূরণ ছাড়াও ওই পরিবারের একজনকে যাতে বিধি মোতাবেক ফরেস্ট ভলান্টিয়ার পদে চাকরি দেওয়া যায় তার প্রক্রিয়াও শুরু করেছে পুরুলিয়া বনবিভাগ।
গত শুক্রবার সকালে বাড়ির পাশেই কাজ করছিলেন ওই ডাকাই গ্রামের বৃদ্ধ বাসবালা গোপ। হঠাৎই দেখেন, তার চোখের সামনে সাক্ষাৎ একটি দাঁতাল। ভয় পেয়ে তিনি জঙ্গলের দিকে পালাতে থাকেন। তখনই ওই দাঁতালটি তাকে তাড়া করে পায়ে থেঁতলে মারে। শনিবার মৃতদেহের ময়নাতদন্তের পর ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।








Post Comment